একদিনে একলাফে নতুন করে ১৪ জন করোনা পজিটিভ পূর্ব বর্ধমানে

29th May 2020 12:59 pm বর্ধমান
একদিনে একলাফে নতুন করে ১৪ জন করোনা পজিটিভ পূর্ব বর্ধমানে


এপার বাংলা প্রতিবেদন,পূর্ব বর্ধমানপূর্ব বর্ধমান জেলায় নতুন করে আরও চোদ্দ জন আক্রান্তের হদিশ মিলল। সেই সঙ্গেই আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৯। নতুন করে আক্রান্তরা সকলেই সম্প্রতি বাইরের রাজ্য থেকে বাড়ি ফিরেছেন এবং এদের মধ্যে বেশির ভাগই মহারাষ্ট্র দিল্লি থেকে এসেছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পরিযায়ী শ্রমিকদের আসার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দারা। করণা আক্রান্তদের হদিশ পেতে বাইরের রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের নমুনা পরীক্ষার উপর জোর দেওয়ার দাবি উঠেছে।পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের নতুন করে আক্রান্ত ১৪ জনের মধ্যে কেতুগ্রাম এক নম্বর ব্লকের পাঁচ জন রয়েছেন। কেতুগ্রাম দুই নম্বর ব্লকের রয়েছেন তিনজন।কেতুগ্রাম এক নম্বর ব্লকের আক্রান্তরা চেচুঁড়ি, ইহাপুর ও আরগুণের বাসিন্দা। কেতুগ্রাম দু নম্বর ব্লকের আক্রান্তরা গোয়ালপাড়া, শিলুড়ি ও নৈহাটির বাসিন্দা। এছাড়া মঙ্গলকোটের কুলসোনায় একজন, শিমুলিয়ায় একজন,কাটোয়ার চন্দ্রকোটায় একজন, কালনার জিউধারায় একজন ও পূর্বস্থলীর পারুলিয়ায় একজন আক্রান্ত হয়েছেন।

জেলা প্রশাসন জানিয়েছে,নতুন করে করোনা আক্রান্ত এলাকাগুলিকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তার আশপাশের এলাকাকে বাফার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কন্টেইনমেন্ট এলাকায় লকডাউন কড়াকড়ি করা হচ্ছে। ওই এলাকার বাসিন্দারা আগামী একুশ দিন এলাকার বাইরে বের হতে পারবেন না। সেই সঙ্গে আক্রান্তের বাড়ি ও তার আশপাশ জীবাণুমুক্ত করা হচ্ছে। আক্রান্তের সংস্পর্শে আসা বাকিদের তালিকা তৈরি করে তাদের কোয়ারান্টিন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরও নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে।জেলা প্রশাসন জানিয়েছে, মহারাষ্ট্র, দিল্লি,গুজরাট, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু থেকে আসা প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এই পাঁচ রাজ্য সবচেয়ে বেশি করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। সে কারণেই এই পাঁচ রাজ্য থেকে আসা যাত্রীদের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Others News

মোবাইল গেমে হেরে মেমারিতে নবম শ্রেণির ছাত্রকে খুন করল বন্ধুরা

মোবাইল গেমে হেরে মেমারিতে নবম শ্রেণির ছাত্রকে খুন করল বন্ধুরা


এপার বাংলা প্রতিবেদন,মেমারি : ফ্রী ফায়ার মোবাইল গেম খেলায় হেরে গিয়ে নবম শ্রেণীর এক ছাত্রকে নৃশংসভাবে খুন করল তারই বন্ধুরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমানের মেমারি থানার খাঁড়গ্রাম-করন্দা গ্রামে। মৃত ছাত্রের নাম শুভ মন্ডল (১৫)। সে স্থানীয় ভৈটা হাইস্কুলের ছাত্র ছিল। এই ঘটনায় পুলিশ মৃত ছাত্রের ২ বন্ধুকে গ্রেফতার করেছে। দু’জনই নাবালক। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকায় চার বন্ধুর মধ্যে অনলাইনে চলত মোবাইলে গেম খেলা। মোবাইল গেমে হার-জিত থেকেই শুরু রেষারেষির। তার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় গামছার প্যাঁচ দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে মৃত ছাত্রের বন্ধুদের বিরুদ্ধে। জানা গেছে, গত ১৭ মে থেকেই নিখোঁজ ছিল শুভ। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গেম খেলার নামে শুভর সহপাঠীরা তাকে ডেকে নিয়ে যায়। এরপর গলায় গামছার ফাঁসে তাকে খুন করার পর বাঁকা নদীতে ফেলে দেওয়া হয়। পুলিশি জেরায় শুভর বন্ধুরা অপরাধ কবুল করে এবং তাদের দেখানো জায়গা থেকে দেহ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মোবাইল গেমের কারণেই খুন না এর পিছনে অন্য কোন কারণ রয়েছে সে বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ।